"মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"- এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, বৈজ্ঞানিক মনন ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শুক্রবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সম্রাট হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সেলিম রেজা, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন দিক উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করেন।