খুলনায় রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে।
মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা এ বিষয়ে জানায়, রফিক গাজী দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ হয়ে যায়। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”