খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১২ জুন, ২০২৬, ০৬:৫৩ পিএম | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৬:৫৩ পিএম
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার দক্ষিণ লবণচরায় গাজী রফিকুল ইসলাম (৪৫) নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে লবণচরার মাথাভাঙ্গা দশগেট এলাকায় নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে। নিহত রফিকের স্ত্রী হালিমা বেগম জানান, আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পিছনের একটা ফাঁকা জায়গায় বসেছিল। তখন কারা এসে তাকে গুলি করে। যা তার তল পেটে লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  তিনি আক্ষেপ করে বলেন, গত ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন মোকাবিলা করে সে টিকে ছিল। আর আজ দল ক্ষমতায়, এখন তাকে নির্মম হত্যার শিকার হতে হলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ- কেএমপির সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে