১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৭:৫৯ পিএম
১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান

দীর্ঘ ১৭ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো মোহামেডান। আবাহনীকে বৃষ্টি আইনে ৬৩ রানে হারিয়ে শিরোপা জয় করল তারা। দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ২০০৯-১০ মৌসুমের পর এটিই মোহামেডানের প্রথম শিরোপা। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগের শেষ দিনে আবাহনী লিমিটেডের বিপক্ষে আগে ব্যাট করে রেকর্ড গড়ে ৪০৬ রান করে মোহামেডান। টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি শুরু নাঈম শেখকে হারালেও দ্বিতীয় উইকেটে ২৪৮ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। দুইজনেই দেখা পান সেঞ্চুরির। অসাধারণ ব্যাটিংয়ে ১১৫ বলে ১১ চার ও ৯ ছক্কায় ১৪১ রান করেন এনামুল হক বিজয়। ইমন করেন ১১৬ বলে ১০ চার ও ১২ ছক্কায় ১৫০ রান। এছাড়াও আফিফ হোসেন ধ্রুব ৩৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন আনিসুল ইসলাম। ৪ উইকেটে ৪০৬ রানে থামে মোহামেডান। রান তাড়ায় আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করার পর বজ্রপাত ও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। বড় লক্ষ্য তাড়ায় শুরুতে থেকেই মারমুখী ব্যাটিং করেছেন আবাহনীর ওপেনার অনিক সরকার। তবে জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কনরা ভালো করতে পারেননি। ৬৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮৫ রানে অপরাজিত ছিলেন ওপেনার অনিক সরকার। ২২ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন সাব্বির রহমান। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর আর বল মাঠে গড়ায়নি। অন্য মাঠে প্রাইম ব্যাংকের হারে শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। ১১ ম্যাচের লিগ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। অন্য দিকে সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে হেড টু হেডের হিসেবে এগিয়ে থেকে রানার্স-আপ হয়েছে আবাহনী।