অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্যের প্রতিবাদে

এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির সংবাদ সম্মেলন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১২ জুন, ২০২৬, ০৮:০৪ পিএম | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৮:০৪ পিএম
এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির সংবাদ সম্মেলন

অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি, রংপুর। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন এবং সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় নগরীর গোল্ডেন টাওয়ারের তৃতীয় তলার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির এইচআরএম আব্দুর রশিদ খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, মাত্র নয় মাসের ব্যবধানে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশ এবং সঞ্চয়ভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে একটি কর্পোরেট অফিস, দুটি এরিয়া অফিস ও ১৩টি শাখা অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, প্রতিষ্ঠানের মে-২০২৬ মাসের আর্থিক প্রতিবেদনে সদস্যদের পার্টনারশিপ বিনিয়োগের পরিমাণ ৯ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা, সাধারণ সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা এবং ভর্তি ফি বাবদ আদায় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও জনআস্থাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংরক্ষিত কিছু কম্পিউটার ও ল্যাপটপের ক্ষয়ক্ষতি এবং অনুপস্থিতির ঘটনাও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানানো হয়।

বক্তব্যে আরও বলা হয়, এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি কোনো গুজব, অপপ্রচার কিংবা ভিত্তিহীন তথ্যের ওপর পরিচালিত প্রতিষ্ঠান নয়। সদস্যদের অংশগ্রহণ, স্বচ্ছ প্রশাসনিক কাঠামো ও জনকল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের সব বৈধ নথিপত্র, নিবন্ধন ও কার্যক্রমের তথ্য প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণের সামনে উপস্থাপনে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তারা বাস্তব তথ্য ও নথিপত্র যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি আরজেএসসি নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান। পাশাপাশি এইচবিসি ডেভেলপমেন্ট লিমিটেড, এইচবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও এইচবিসি নেক্সজেন লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ও ট্রেড লাইসেন্স রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিবিও বাবু রাম রায়, প্রচার ও সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, জিএম সাবিনা ইয়াসমিন, জেডএন শাহিনুর বেগম এবং ব্রাঞ্চ ম্যানেজার কুলসুম বেগম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখতে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি ভবিষ্যতেও কাজ করে যাবে। সত্য, স্বচ্ছতা, উন্নয়ন ও জনগণের আস্থাকে ধারণ করেই প্রতিষ্ঠানটি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে