ঈশা খানের জন্মবার্ষিকীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেমিনার

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ১০:৩৬ পিএম
ঈশা খানের জন্মবার্ষিকীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেমিনার

বারোভূঁইয়াদের নেতা ঈশা খান এর ৪৯৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ সাবিনা আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মিজ সাবিনা আলম বলেন, ইতিহাস মূলত তর্ক-বিতর্কের মাধ্যমে গড়ে ওঠে। এভাবেই জানার সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন,আজ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের ক্ষুধা তৈরি হয়েছে। সেই ক্ষুধার তাড়নায় তারা ইতিহাস অনুসন্ধান করবে, জানবে, তথ্য বের করবে, শেয়ার করবে এবং আলোচনা করবে। শিক্ষার্থীরা যখন সঠিক ইতিহাস জানতে পারবে, তখনই আমাদের প্রচেষ্টা সফল হবে।”  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মিজ নাছিমা সুলতানা (রত্না), সভাপতি, ঈশা খাঁ ফাউন্ডেশন। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেখ কামাল হোসেন, উপপরিচালক (প্রশাসন), প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তিনি বলেন- নতুন প্রজন্ম ইতিহাস জানতে আগ্রহী। আর সেই দায়িত্ব ইতিহাস গবেষক ও চর্চাকারীদেরই নিতে হবে।

অন্যতম আলোচক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রকাশনা) ড. মো. আতাউর রহমান ঈসা খাঁ ও তাঁর বংশধরের প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল মসজিদ, ঈসা খাঁর বড় জমিদার বাড়ি, পানাম নগর, জঙ্গলবাড়ি দুর্গ, হাজিগঞ্জ কেল্লা, কুতুব মসজিদ এবং ঈসা খাঁর সমাধি আজও টিকে আছে এবং ইতিহাসের সাক্ষ্য বহন করছে। সেমিনারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আমন্ত্রণে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইতিহাস গবেষক এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের হাত থেকে শিক্ষার্থীরা উপহারস্বরূপ বই গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে