বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চুরি হলো অনুশীলনের সরঞ্জাম

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ১২:৪২ পিএম
বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চুরি হলো অনুশীলনের সরঞ্জাম

বিশ্বকাপের মাঠে নামার আগেই অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ক্যানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই চুরি হয়েছে তাদের অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ, আর এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কোচ টমাস টুখেল ও তার দলের ব্যবহারের জন্য অনুশীলনের সরঞ্জাম আগেভাগেই ক্যানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে পাঠানো হচ্ছিল। তবে পথে সরঞ্জাম বহনকারী গাড়িতে হামলা চালিয়ে চুরির ঘটনা ঘটে। ঠিক কী কী সামগ্রী খোয়া গেছে, তা নিশ্চিত করতে কাজ করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে অনুশীলনের বল, ফুটবল বুট এবং আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম থাকতে পারে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর সেখানে একটি ফুটবল ছাড়া প্রায় কিছুই অবশিষ্ট ছিল না।

শুক্রবার (১৩ জুন) রাতে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পুলিশ ও এফএ যৌথভাবে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারে কাজ করছে। তদন্তের স্বার্থে দুই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শনিবার (১৩ জুন) টমাস টুখেলের দল ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রোববার (১৪ জুন) খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে প্রস্তুতির ঠিক আগমুহূর্তে এমন ঘটনা দলের পরিকল্পনায় কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সরঞ্জাম চুরির ঘটনা দলটির জন্য অনাকাঙ্ক্ষিত এক ঝামেলা তৈরি করল। যদিও এখন পর্যন্ত এফএ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি, তবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা।

আপনার জেলার সংবাদ পড়তে