ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম
ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে ১৭ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উপজেলার বড়াইল  ইউনিয়নের মাটিহাঁস গ্রামে। ঘটনার দুই দিন পর ১২ জুন শুক্রবার কিশোরীর বাবা রোস্তোম আলী বাদি হয়ে থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, গত বুধবার (১০ জুন) দুপুরে মাটিহাঁস গ্রামের ঝাপড়াপুকুর ঈদগাহ মাঠের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় ফাঁকা মাঠের পাশের একটি আইলে ঘাস কাটছিলেন একই গ্রামের মৃত বিনসের আলীর ছেলে ইনছের আলী (৬০)। দুপুরবেলা চারপাশ নির্জন থাকার সুযোগে অভিযুক্ত ইনছের আলী ওই কিশোরীকে জোরপূর্বক ঝাপটে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় অদূরে থাকা কিশোরীর মামা আবুল কাশেম বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি অভিযুক্ত বৃদ্ধ ও ওই কিশোরীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এবং হাতের লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে অভিযুক্ত ইনছের আলী ক্ষমা চেয়ে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীর মামা আবুল কাশেম বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছালে ইনছের আলী নিজের অপরাধ স্বীকার করে আমার পা ধরে ক্ষমা চায় এবং পরে পালিয়ে যায়। এদিকে ঘটনার পর কিশোরী ও তার মামা বিষয়টি পরিবার ও গ্রামবাসীকে জানালে স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হয়। তবে গ্রামবাসী এতে ব্যর্থ হলে এবং কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার (১১ জুন) তার নানি পচিনা বেগম তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী কিশোরীর বাবা রুস্তম আলী বলেন, একজন বয়োবৃদ্ধ মানুষ হয়ে আমার এমন অসহায় প্রতিবন্ধী মেয়ের যে সর্বনাশ করেছে, আমি  প্রশাসনের কাছে তার কঠোর বিচার চাই।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইনছের আলী তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। এ ব্যাপারে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, এই ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে