মহেশপুরে

গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) :
| আপডেট: ১৩ জুন, ২০২৬, ০৭:৩১ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৭:৩১ পিএম
গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরার লক্ষ্যে মহেশপুর উপজেলার ০১নং এসবিকে ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন, র‌্যালি ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী। তিনি গ্রাম আদালতের বিভিন্ন সেবা, সুবিধা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এর গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা, যা জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে সময়, অর্থ এবং সামাজিক সম্প্রীতি সবই রক্ষা পায়। তাই এ সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।” ক্যাম্পেইনে ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রাম আদালতের ইতিবাচক ভূমিকা তুলে ধরে জনগণকে এ সেবা গ্রহণে উৎসাহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শামিনুর রহমান ও নাসরিন সুলতানা । র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা গৌতম বিশ্বাস, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ তাওসির আহম্মেদ বন্ধন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে