শিশু ও সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যসেবা, মানসিক বিকাশ এবং মনস্তাত্ত্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে মাইন্ড স্মাইল গ্লোবাল কাউন্সেলিং ইনস্টিটিউট (এমএসজিসিআই) ও মাইন্ড স্মাইল গ্লোবাল একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন লতিফ প্লাজায় গত ১২ জুন সকাল ১০টায় এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান জনাব তাইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগ প্রশিক্ষক জনাব সাহেব আলী, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মাহবুব আলম, স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মো. আলাউদ্দিন এবং অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠানটির স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উপদেষ্টা ড. আজীবুর রহমান ও সাথী রানি পাল, চেয়ারম্যান মো. ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান তাসরিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক ইশরাত জাহান এবং জেনারেল সেক্রেটারি শাহনাজ পারভীন। বক্তারা তাদের বক্তব্যে মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, শিশু-কিশোরদের মানসিক বিকাশ, মনস্তাত্ত্বিক উন্নয়ন এবং সামগ্রিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, মাইন্ড স্মাইল দীর্ঘদিন ধরে শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ ও মনস্তাত্ত্বিক উন্নয়নে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন কাউন্সেলিং, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।