সাতক্ষীরা সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৩:০০ পিএম
সাতক্ষীরা সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দিনব্যাপী সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, আজ ১৪ জুন ব্যাটালিয়নের অধীনস্থ বৈকারী, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি (বর্ডার আউটপোস্ট) এবং বাঁকাল চেকপোস্টের টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা ও ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৩০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার চৌদলি পাড়া নামক স্থান থেকে ২ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। অন্যদিকে, হিজলদী বিওপির একটি দল কলারোয়া থানার বড়ালি নামক স্থান থেকে ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

একই দিনে কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল কলারোয়া সীমান্তের কেড়াগাছি ও শ্মশান ঘাট নামক স্থানে পৃথক অভিযান চালায়। সেখান থেকে যথাক্রমে ৭ লাখ ২০ হাজার টাকা এবং ৬ লাখ ৬৮ ভষু হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়। এছাড়া, বাঁকাল চেকপোস্টের একটি দল সাতক্ষীরা সদর থানার কুলপোতা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা আটক করতে সক্ষম হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, দিনভর পরিচালিত এই অভিযানে সর্বমোট ১৯ লাখ ১৩ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, চোরাকারবারিরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এভাবে ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এই জনস্বার্থমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সীমান্তের স্থানীয় বাসিন্দারা। চোরাচালান দমনে বিজিবির এরূপ কঠোর ও দেশপ্রেমিক অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে আশ্বস্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে