সুন্দরবনের কালাবগী স্টেশনের অধিনস্থ কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে অবৈধ ভেশাল জাল, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক সহ ১টি নৌকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের দিক নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো হেলাল উদ্দিন ও আয়ুব আলী। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।