মেগা বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ

মোকাবেলায় স্পষ্ট রূপরেখা প্রয়োজন

এফএনএস
| আপডেট: ১৪ জুন, ২০২৬, ০৩:৫৩ পিএম | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৩:৫৩ পিএম
মোকাবেলায় স্পষ্ট রূপরেখা প্রয়োজন

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেটের আকার দাঁড়িয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা নির্বাচনী ইশতাহারের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রয়োজনীয় হলেও বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে নিট ঘাটতি দাঁড়াচ্ছে দুই লাখ ৪৩ হাজার কোটি টাকা- দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে এক লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। তবে অভ্যন্তরীণ উৎস বলতে মূলত ব্যাংক খাতকেই বোঝানো হচ্ছে। ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি বিনিয়োগে টান পড়বে, কর্মসংস্থান কমে যাবে এবং অর্থনীতির প্রবৃদ্ধি ব্যাহত হবে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপানো হলে মূল্যস্ফীতি বাড়বে, যা সরকার এড়িয়ে যেতে চাইছে। বাজেটের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সমপ্রসারণ। কিন্তু এর অর্থায়ন নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত অর্থবছরে বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ছিল, ফলে কর্মসংস্থান বাড়ানো কঠিন হয়ে পড়েছে। এবারও যদি একই প্রবণতা থাকে, তাহলে বড় বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। জ্বালানি খাতও বড় সংকটে রয়েছে। আমদানিনির্ভর জ্বালানি সরবরাহে সরকারের ব্যয় বাড়ছে, যা বাজেট বাস্তবায়নের সাফল্যকে প্রভাবিত করবে। জ্বালানি খাতে টেকসই সমাধান না হলে বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমাদের মতে, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়নের রূপরেখা। সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে কীভাবে ঘাটতি পূরণ করা হবে, যাতে ব্যাংক খাতের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং বেসরকারি বিনিয়োগ ব্যাহত না হয়। একই সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের প্রত্যাশা, সরকার বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, যাতে প্রান্তিক মানুষ থেকে শুরু করে পুরো অর্থনীতি এই মেগা বাজেটের সুফল ভোগ করতে পারে। নইলে ইতিহাসের বৃহত্তম বাজেট কেবল সংখ্যার খেলায় সীমাবদ্ধ হয়ে পড়বে।