বাংলাদেশ ভারত সীমান্তে কথিত অবৈধ পুশইন এবং সীমান্ত হত্যা নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত বিশেষ আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানিয়েছেন, বাজেট অধিবেশনের সময় সংকটের কারণে আলোচনাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন মীর আহমাদ বিন কাসেম। তিনি জানান, কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্ত হত্যা, অবৈধ পুশইন এবং পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত পুশইন কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে তিনি একটি সাধারণ প্রস্তাব জমা দেন।
সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, সংসদের মূলতবি শাখা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে, রোববার প্রস্তাবটি আলোচনার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমনকি বৃহস্পতিবারের কার্যসূচি অনুযায়ীও বিষয়টি তালিকাভুক্ত ছিল। তবে রোববার সকালে প্রকাশিত নতুন কার্যসূচি থেকে প্রস্তাবটি বাদ দেওয়া হয়। পরে তাকে জানানো হয়, "অনিবার্য কারণবশত" এটি স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মীর আহমাদ বিন কাসেম বলেন, "জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্ব থাকতে পারে যে, এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো দলীয় এজেন্ডা নয়, সেটি অনিবার্য কারণবশত স্থগিত করতে হলো?" একই সঙ্গে তিনি জানতে চান, প্রস্তাবটি আবার কবে আলোচনার জন্য সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত হবে।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নোটিশটি তার কাছেও রয়েছে এবং এটি কেবল একটি সাময়িক ব্যবস্থা। তিনি বলেন, "বর্তমানে বাজেট অধিবেশন চলছে, আমাদের সময়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমান্ত হত্যা ও পুশইন অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যাশা করছি, স্থগিতাদেশ প্রত্যাহার করে খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।"
সংসদে এই আলোচনা স্থগিত হওয়ার ঘটনায় সীমান্ত নিরাপত্তা, মানবাধিকার এবং কূটনৈতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে বিষয়টি দলীয় নয়, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে দ্রুত সংসদীয় আলোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।