সংবাদপত্রের কালো দিবস-২০২৬ উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার (১৫ জুন) রাজধানীর সার্কিট হাউজে অবস্থিত 'তথ্য ভবনে' এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০ টার সময়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে পিআইবির প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী। এসময় প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিআইবির মহাপরিচালক। প্রদর্শনী সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, 'বাকশাল প্রবর্তনের বছরের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকিগুলোর অনুমোদন বাতিল করা হয়। একযোগে দেশের সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বের পতনের অন্যতম কারণ। এভাবেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পিআইবি সেসময়ের সংবাদপত্রে বিষয়গুলো কেমনে উঠে এসেছে সেগুলোর বিষয়ে প্রদর্শনী করেছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম এখান থেকে নানান বিষয় জানার সুযোগ পাবে।' সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর জন্য পিআইবিকে ধন্যবাদ জানান জহির উদ্দিন স্বপন।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ' সমাজ-রাষ্ট্রের ফ্যাসিবাদীকরণ একদিনে হয় না, তা ধাপে ধাপেই অগ্রসর হয়। বাংলাদেশের গণমাধ্যমের বেলায় আদিপাপ ছিলম ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র ঘোষণা (সংশোধন) অধ্যাদেশ। যদি বহুদলীয় গণতন্ত্র বিকশিত করতে হয়। তবে বহুমত ও পথের সংবাদমাধ্যমের পথও সুগম রাখতে হবে।' ফারুক ওয়াসিফ আরও বলেন, 'পিআইবি সাংবাদিকদের প্রতিষ্ঠান। পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকদের ডিগ্রি প্রদান, সংবাদ মাধ্যম নিয়ে গবেষণা ও প্রকাশনার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস জানবার সুযোগ করে দিচ্ছে। আজকের আলোকচিত্র প্রদর্শনী তারই অংশ।' আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ভবনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ নানা স্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।