বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নোনা ডাঙ্গা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত বিসমিল্লাহ ফিস ফিড কারখানার কর্মচারী মাইনুল ইসলাম মাহিন (৩২) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে প্রতিদিনের মতো কারখানার পানির মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটবর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইনুল ইসলাম মাহিন বাগেরহাটের কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিস ফিড কারখানার একজন কর্মচারী ছিলেন। স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে ওই কারখানার ভেতরেই বসবাস করতেন তিনি। মোল্লাহাট থানার এসআই মানজির জানান, প্রতিদিনের ন্যায় কোম্পানির বৈদ্যুতিক মোটর চালিয়ে পানি সরবরাহ করতে গেলে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীর তথ্যের ভিত্তিতে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে।