যশোরের অভয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত পুরোনো ও অনাদায়ী প্রায় পাঁচ হাজার দলিল সরকারি বিধি অনুসরণ করে ধ্বংস করা হয়েছে।সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে জনসম্মুখে দলিলগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব গ্রহীতা তাদের দলিল গ্রহণ করেননি, সেসব অনাদায়ী দলিল ধ্বংসের জন্য তালিকাভুক্ত করা হয়। এর অংশ হিসেবে প্রায় পাঁচ হাজার দলিল বিনষ্ট করা হয়েছে। দলিল ধ্বংস কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নকল নবীশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মো. ইকবাল হোসেন বলেন, “সরকারি বিধি-বিধান অনুসরণ করে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের পুরোনো ও অনাদায়ী প্রায় পাঁচ হাজার দলিল ধ্বংস করা হয়েছে। জনসাধারণের উপস্থিতিতে এসব দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধ্বংস করা দলিলগুলোর তথ্য বালাম বইয়ে সংরক্ষণ করা হয়েছে।”