সাদা-আকাশি রঙে রঙিন রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৫ জুন, ২০২৬, ০৬:১৬ পিএম | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৬:১০ পিএম
সাদা-আকাশি রঙে রঙিন রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপে প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে রংপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। শোভাযাত্রা থেকে প্রিয় দল আবারো বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে চতুর্থবারের মতো শিরোপা ধরে রাখতে পারবে বলে আশাবাদী আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত, সমর্থক ও শুভ্যান্যুধায়ীরা। সোমবার (১৫ জুন) দুপুরে ‘আর্জেন্টিনা ফ্যানস ক্লাব’র উদ্যোগে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাজারো নারী, পুরুষ ও শিশু এতে অংশ নিয়ে পুরো নগরীতে উৎসবের আমেজ তৈরি করে। এর আগে, সকাল ১১টায় ঘোষণা দেওয়া হলেও ৯টা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টাইন ভক্তরা। পরণে আকাশি-সাদা রঙের জার্সি হাতে আর্জেন্টিনার নানা আকৃতির পতাকা। প্রিয় দেশের পতাকা-ব্যানার ও বাঁশি নিয়ে আসেন তারা। শোভাযাত্রার শুরুর আগে প্রথমে প্রিয় খেলোয়াড় নান্দনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে উৎসর্গ করে মুখোশ পড়ে সম্মান জানানো হয়। সঙ্গে সঙ্গে ছোট-বড় পতাকা উঁচিয়ে আর ভুভুজেলা বাঁশি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাবলিক লাইব্রেরি মাঠ। সেখান থেকে বের হওয়া শোভাযাত্রায় নারী-পুরুষ বয়স্ক ও আধা বয়স্ক মানুষের উপচে পড়া ভিড় আর আর্জেন্টিনার পতাকায় সাজানো বাইসাইকেল, মোটরসাইকেল ও ছোট ছোট প্রাইভেট কারে থাকা আর্জেন্টিনার ভক্তরা নজর কাড়ে নগরবাসীর।। তবে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতেও ভোলেনি ভক্তরা। নগরীকে দিতে আগের দিন থেকে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জড়ো হতে জানান দেওয়া হয়। এভাবেই নিজেদের অবস্থান জানান দিয়েছেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। এবার বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি প্রিয় দলকে সমর্থন ও উৎসাহ জোগাতে এ আয়োজন বলে জানান ফ্যানস ক্লাব। শোভাযাত্রাটি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হয়ে পুলিশ লাইন্স, কাচারি বাজার, জিলা স্কুল মোড় হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে সাদা আকাশি রঙের স্মোক বম্ব ছিটিয়ে আনন্দের মাত্রা আরো দ্বিগুণ করা হয়।এসময় প্রিয় দলের জার্সি পরে এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা হাতে হাজার হাজার ফুটবলপ্রেমী নেচে-গেয়ে উল্লাস করেন। রংপুরের বদরগঞ্জ থেকে শোভাযাত্রায় অংশ নিতে আসা আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত রেজওয়ান রনি বলেন, আজকে এই শোভাযাত্রা হবে তার যে প্রচার প্রচারণা এবং গতকালকের মাইকিং সব মিলিয়ে মনে হয়েছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবে। আর এই আকাঙ্ক্ষা থেকেই প্রচার প্রচারণার অংশ হিসেবে শোভাযাত্রার অংশীদার হয়েছি। শোভাযাত্রায় অংশ নেওয়া স্কুলছাত্রী আইনুন নাহার বলে, আর্জেন্টিনার ফুটবল শৈলী আমার খুব ভালো লাগে। তারা ফাউল করে না, সুন্দর ও ছন্দময় খেলা উপহার দেয়। প্রিয় দলকে শুভকামনা জানাতেই আজ এখানে এসেছি। নগরীর থেকে ৫ কিলোমিটার দূরে নিসবেতগঞ্জ এলাকা থেকে বাইসাইকেলে পতাকা বেঁধে শোভাযাত্রায় যোগ দিতে এসেছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শমসেদ রাহাগির। সে বলে, প্রিয় খেলোয়াড় মেসির খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, জয় দিয়েই বিশ্বকাপ শুরু হবে। শোভাযাত্রার আয়োজন সফল করতে গত কয়েক দিন দৌড়ঝাপ করেছেন তারকা সংগীতশিল্পী ও আর্জেন্টিনার ভক্ত হৃদয় জে জে। তিনি বলেন, প্রতিবারই প্রিয় দল আর্জেন্টিনার খেলোয়াড়দের উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রচার প্রচারণা বেশি হওয়ায় এবারে রংপুর শহরে আর্জেন্টিনার শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছে। আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স জানান,গত কয়েকদিনে অনেকেই ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে যোগ দিয়েছেন। প্রিয় দলের খেলা দেখতে আগামী ১৭ তারিখ পাবলিক লাইব্রেরি মাঠে জমকালো আয়োজন করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি জহির আলম নয়ন বলেন, এবারও আর্জেন্টিনা ছন্দময় ফুটবলের মাধ্যমে বিশ্বজয় করবে। আমরা বিশ্বাস করি, যদি আর্জেন্টিনা তাদের ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারে তাহলে এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে।

আপনার জেলার সংবাদ পড়তে