বাগমারায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৬:৪৮ পিএম
বাগমারায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কর্মচারী নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের পিয়ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে গোবিন্দপাড়া গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলামের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে ৩ লাখ টাকা গ্রহণের পরও প্রায় তিন বছর ধরে তাকে চাকরি না দিয়ে ঘুরানো হচ্ছে। এতে নজরুল ইসলাম ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম গত ৯ জুন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে পিয়ন পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে নজরুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে একই বছরের ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা তার নিজ বাসভবনে এলাকার কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে নজরুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বাকি ৯ লাখ টাকা নিয়োগপত্র দেওয়ার সময় নেওয়া হবে বলেও জানানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা অভিযোগে বর্ণিত তিন লাখ টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি বলেন, তৎকালীন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিমুদ্দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বাধ্য করেন। পরে তিনি নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে এসে তার কাছে তিন লাখ টাকা দেন। পরবর্তীতে কছিমুদ্দিন ওই টাকা নিয়ে যান। এছাড়া বিদ্যালয়ের তহবিল থেকেও তিনি বিভিন্ন সময় অর্থ নিয়েছেন বলে দাবি করেন আয়েশা সিদ্দিকা। তিনি আরও দাবি করেন, কছিমুদ্দিন ওই টাকা নিয়ে গেছেন—এ বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরাও অবগত রয়েছেন। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে