মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৪:২১ পিএম
মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে ধাওয়া করে কুপিয়ে জখম করার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী আশ্রয়ন প্রকল্পের।

মঙ্গলবার (১৬ জুন) দুুপুরে আহত অমনি ওরফে রমেশ অভিযোগ করে বলেন, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনের মাদক কারবারে তিনি বিভিন্ন সময় বাঁধা দিয়ে আসছেন। ঘটনার আগের দিন ১২ জুন দিবাগত রাতে জাকির তাকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরেরদিন ১৩ জুন সকাল নয়টার দিকে গীলাতলী আশ্রয়ন প্রকল্পের সামনে বসে প্রকাশ্যে জাকির দেশীয় অস্ত্র নিয়ে তাকে (রমেশ) কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসার আগেই তাকে কুপিয়ে জখম করে জাকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতের বড় ভাই অপূর্ব বাড়ৈ জানিয়েছেন, হামলার ঘটনায় তিনি বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি (অপূর্ব) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোতয়ালী মডেল থানার ওসি মামুন-উল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে