বরিশালের শ্রমিক ও কর্মচারীদের ভুখা মিছিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৬:১০ পিএম
বরিশালের শ্রমিক ও কর্মচারীদের ভুখা মিছিল

শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা গ্যাস টার্বাইন থেকে রূপাতলী পর্যন্ত ভুখা মিছিল ও রূপাতলী গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে সকল বকেয়া মজুরি-ওভারটাইম-নাইট বিল, সার্ভিস বেনিফিট এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তর করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি করেন।

ভুখা মিছিল শেষে রূপাতলী গোলচত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। সমাবেশে বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাবার পর দীর্ঘ এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য আহবান করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম , বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার ,যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, প্রচার সম্পাদক মো. ফয়সাল প্রমুখ। বক্তারা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে