বরিশালের গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি তার বক্তব্যে যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধানশিক্ষক আলী আজিম খান পলাশ, নারী নেত্রী তাসলিমা পারভীন।
বক্তারা বলেন, যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচার সমাজের জন্য এক বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা প্রয়োজন। বিশেষ করে কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার গৌরনদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মৃধা। অনুষ্ঠানের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।