আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৭:৩২ পিএম
আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা। সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের আইনি, মানসিক ও সামাজিক সহায়তা আরও কার্যকরভাবে প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ভুক্তভোগীবান্ধব সেবা আরও মানবিক ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্লাস্ট রংপুর ইউনিটের স্টাফ মোছা. মোনালিসা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) রংপুরের কো-অর্ডিনেটর ডা. তাহছলিন ফেরদৌস, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের, ব্র্যাক রংপুরের জেলা সমন্বয়ক মো. গোলাম মোস্তফা, আরডিআরএস বাংলাদেশের মেজবাহুন নাহার এবং মেরি স্টোপস ক্লিনিক রংপুরের শ্যামল কান্তি সাহা।

আরপিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও গতিশীল, মানবিক ও ভুক্তভোগীবান্ধব করতে কাজ চলছে। নারী, শিশু এবং অন্যান্য অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত আইনি সহায়তা, মানসিক সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে ভিকটিম সাপোর্ট সেন্টার ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে বলেও জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানে আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ ভুক্তভোগীদের সেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর করবে।

আপনার জেলার সংবাদ পড়তে