সেনবাগে দুই মাদকসেবীকে কারাদণ্ড, কারাগারে প্রেরন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৮ জুন, ২০২৬, ০৮:১৫ পিএম | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৮:১৫ পিএম
সেনবাগে দুই মাদকসেবীকে কারাদণ্ড, কারাগারে প্রেরন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকসেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের সিরাজ মাস্টার বাড়ির নুর নবীর ছেলে মো. বাদশা এবং পলতি মিজি বাড়ির মো. ফারুকের ছেলে ফখরুল ইসলাম রানা (২৮)। আদালত মো. বাদশাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ফখরুল ইসলাম রানাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭ জুন সকালে উপজেলার মতইন গ্রামের সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে দুপুরে  সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করলে আদালত তাদের বিরুদ্ধে উল্লিখিত দণ্ডাদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে