দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউক পর্ব নিশ্চিত করলো মেক্সিকো

এফএনএস ক্রিয়া প্রতিবেদক: | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ১১:১৩ এএম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউক পর্ব নিশ্চিত করলো মেক্সিকো

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল সহ-আয়োজক মেক্সিকো। আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচটিতে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের ৪ মিনিটে কোরিয়ার লি কাং-ইন এবং ৫৮ মিনিটে পাইক সেউং-হো হলুদ কার্ড দেখেন। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই ৫০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মেক্সিকো।

কোরিয়ান গোলরক্ষক কিম সুং-গিউয়ের এক বড় ভুলে সুযোগ লুফে নেন মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো। একটি ক্রস প্রতিহত করতে গিয়ে গোলরক্ষক নিজের সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাতছাড়া করেন। ডি-বক্সের ভেতর অরক্ষিত বলটি পেয়ে নিখুঁত ভলিতে জালে জড়ান রোমো। এই এক গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

ম্যাচ পরিসংখ্যানে দক্ষিণ কোরিয়া ৫৭ শতাংশ বল দখলে রেখে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে ব্যর্থ হয়। এমনকি ম্যাচের ৫৭ মিনিটে দলের সেরা তারকা সন হিউং-মিনকে তুলে নিয়ে আক্রমণভাগ শক্তিশালী করার চেষ্টা করেন কোরিয়ান কোচ, কিন্তু মেক্সিকোর রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য।

এই জয়ের ফলে ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র টেবিলের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ড অর্থাৎ শেষ ১৬ নিশ্চিত করল মেক্সিকো। অন্যদিকে, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের বাকি দুই দল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১ পয়েন্ট করে অর্জন করেছে।

উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে মেক্সিকো তাদের অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রাখল। ২০০৬ সালের পর থেকে দক্ষিণ কোরিয়া আর মেক্সিকোর বিপক্ষে জয়ের মুখ দেখেনি। গত বছরের ২-২ গোলের ড্রয়ের পর এবার হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো কোরিয়ানদের।

আপনার জেলার সংবাদ পড়তে