গফরগাঁওয়ে

পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্রাজিল ভক্তের

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ১১:২১ এএম
পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্রাজিল ভক্তের

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণ হারিণা এলাকায় আমগাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিন শেখ (১৪) নামে এক ব্রাজিল ভক্তের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিণা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন শেখ ঐ গ্রামের নয়ন শেখের ছেলে ও স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। স্থানীয় পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার জাহান বাহার এ ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রেময়মনসিংহ জানা যায়, নিহত মাহিন শেখ বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য একটি কাঁচা বাঁশ নিয়ে বাড়ীর পাশের আমগাছে উঠে ও তার  চাচাতো ভাই ফাহিম নিচে থাকে। এসময় পতাকা টাঙানো কাচা বাঁশটি একপাশে হেলে পড়ে পল্লীবিদ্যুৎ এর তারে লেগে বিদ্যুতায়িত হয়ে মাহিন শেখ মাটিতে পড়ে যায়। এসময় গাছের নিচে থাকা তার চাচাতো ভাই ফাহিম ডাকচিৎকার শুরু করে।

পরে স্বজনরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মাহিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে