রাফিনিয়ার চোটে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা তারকা উইঙ্গারের

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২০ জুন, ২০২৬, ১২:২১ পিএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ১২:২১ পিএম
রাফিনিয়ার চোটে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা তারকা উইঙ্গারের

হাইতির বিপক্ষে দাপুটে ৩,০ গোলের জয়ে বিশ্বকাপে ছন্দে ফিরেছে ব্রাজিল। তবে জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সেলেসাও শিবিরে। ম্যাচের প্রথমার্ধেই ডান উরুর পেছনের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তারকা উইঙ্গার রাফিনিয়াকে। পুরোনো হ্যামস্ট্রিংয়ের সমস্যাই আবার ফিরে এসেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এখন মেডিকেল পরীক্ষার ফলের অপেক্ষায় ব্রাজিল।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে হাইতির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিলেন বার্সেলোনার এই ফুটবলার। একটি গোলও করেছিলেন, যদিও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। কিন্তু ৪০তম মিনিটে হঠাৎ ডান পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। চিকিৎসকদের সহায়তায় মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে, তার বদলি হিসেবে নামানো হয় তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

ম্যাচ শেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, "হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনের পেশিতে ব্যথা অনুভব করেন রাফিনিয়া। তিনি চিকিৎসা শুরু করেছেন এবং পুনর্মূল্যায়ন করা হবে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে জানানো হবে।"

শনিবার বিস্তারিত পরীক্ষা ও স্ক্যানের মাধ্যমে চোটের মাত্রা নির্ধারণ করা হবে। এরপরই বোঝা যাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কিংবা বিশ্বকাপের বাকি লড়াইয়ে রাফিনিয়াকে পাওয়া যাবে কি না।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও শিষ্যের চোট নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, "এই মুহূর্তে চোটের গভীরতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বিস্তারিত মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া যাবে।"

রাফিনিয়ার চোট নিয়ে উদ্বেগের আরেকটি কারণ রয়েছে। চলতি বছরের মার্চে জাতীয় দলের জার্সিতেই ডান পায়ের একই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই ইনজুরির কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল এবং বার্সেলোনার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও মিস করেন এই উইঙ্গার। মাত্র কয়েক মাসের ব্যবধানে একই জায়গায় আবারও চোট পাওয়ায় শঙ্কা আরও বেড়েছে।

বিশ্বকাপে ব্রাজিলের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী স্কোয়াড পরিবর্তনের নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল। এখন রাফিনিয়া দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলে তার বিকল্প হিসেবে নতুন কাউকে দলে নেওয়া সম্ভব হবে না।

তবে আনচেলত্তির হাতে বিকল্প হিসেবে রয়েছেন রায়ান ও লুইজ এনরিকে। হাইতির বিপক্ষে রাফিনিয়ার পরিবর্তে রায়ান মাঠে নেমেছিলেন। তবুও অভিজ্ঞতা, গতি এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রাফিনিয়ার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় ধাক্কা হয়ে আসতে পারে।

হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে ব্রাজিল। কিন্তু জয়ের উচ্ছ্বাসের মধ্যেও এখন সেলেসাও শিবিরের সবচেয়ে বড় অপেক্ষা, রাফিনিয়ার মেডিকেল রিপোর্ট কী সুখবর নিয়ে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে