প্রেমের গুঞ্জনের পর এবার বিচ্ছেদের দাবি, আলোচনায় ধানুশ-ম্রুণাল

এফএনএস বিনোদন | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৪:০৯ পিএম
প্রেমের গুঞ্জনের পর এবার বিচ্ছেদের দাবি, আলোচনায় ধানুশ-ম্রুণাল

দক্ষিণ ভারতীয় তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে দীর্ঘদিন ধরেই সম্পর্কের গুঞ্জন ছিল। যদিও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউ। তবে সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে নতুন এক দাবি সামনে এসেছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করার আগেই নাকি আলাদা হয়ে গেছেন এই দুই তারকা।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধানুশ ও ম্রুণাল ঠাকুর তাঁদের কথিত সম্পর্কের ইতি টেনেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে তাঁরা দুজনই নিজ নিজ জীবনে ব্যস্ত এবং আলাদা পথেই এগিয়ে যাচ্ছেন। তবে এই বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত কয়েক মাসে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত আয়োজনে ধানুশ ও ম্রুণালকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘সন অব সরদার ২’ ছবির প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

এর আগে ধানুশের ‘তেরে ইশক ম্যায়’ ছবির একটি পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নজর কাড়ে। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। তবে গুঞ্জন যতই ছড়াক না কেন, সম্পর্কের বিষয়ে ধানুশ কিংবা ম্রুণাল কেউই কখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ব্যক্তিগত জীবনে ধানুশ এর আগে দীর্ঘ ১৮ বছর সংসার করেছেন নির্মাতা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে রয়েছে, লিঙ্গা ও যাত্রা।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ধানুশ। সম্প্রতি তাকে দেখা গেছে ‘কারা’ নামের একটি অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্রে। বিগনেশ রাজা পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন মমিতা বাইজু ও কে এস রবিকুমার।

বর্তমানে ‘ওম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। আগামী ১৬ অক্টোবর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।

তবে ধানুশ ও ম্রুণালের সম্পর্ক কিংবা বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে। ফলে ভক্তদের অপেক্ষা, এই আলোচিত জল্পনা নিয়ে দুই তারকার কেউ মুখ খোলেন কি না।

আপনার জেলার সংবাদ পড়তে