ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফলতা অনেকাংশে শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর নির্ভর করবে। এজন্য শিক্ষকদের দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন।
গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মোঃ শহিদুল্লাহ, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিব্বির আহমেদ প্রমুখ।
বক্তারা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত শিক্ষা প্রতিষ্ঠানে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলার স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।