কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে পুলিশি অভিযানে আলতাব হোসেন (৫২) নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডিগ্রী কলেজ গেট এলাকায় তাকে আটক করা হয় । আটককৃত আলতাব হোসেন ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে কর্মরত ও দৌলতপুর সদর ইউনিয়নের মৃত মজিবুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ লেখা একটি ব্যানারও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, ডিগ্রী কলেজ গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৬৬ থেকে ৭৬ জন নেতাকর্মী একত্রিত হয়ে বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে আলতাব হোসেনকে আটক করা হয়। জব্দকৃত ব্যানারটি দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সৌজন্যে বলে উল্লেখ করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, এলাকা অস্থিতিশীল করার চেষ্টায় জড়ো হওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।