২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৩:৫০ পিএম
২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীটি বলছে, ২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। মূলত কয়েকজন ছিনতাইকারী গ্রেপ্তার সংক্রান্ত তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ২৩ জুনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

নয়মুল হাসান বলেন, “২৩ তারিখকে কেন্দ্র করে কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায়, তাদেরকে বার্তা দেওয়া হয়েছে। যদি কেউ অস্ত্র দিয়ে বা অন্য কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।”

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ মাওরা সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগী, শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়। র‍্যাবের দাবি, সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।

এদিকে ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জেলায় দলীয় কর্মসূচি, পতাকা উত্তোলন বা মিছিলের চেষ্টা থেকে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করতে দেশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর কোনো দিনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা থাকলে আগাম সতর্কতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। র‍্যাবের সর্বশেষ বক্তব্যও সেই প্রস্তুতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে