রংপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৬:৫৪ পিএম
রংপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

রংপুরে মাদকবিরোধী অভিযানে ছয়জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের নেতৃত্বে রংপুর মহানগরের কোতোয়ালি ও পরশুরাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ০.৪ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট ছয়টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয় এবং ছয়জনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মমিনুল ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৭), মো. আবুল (৪৩), মো. সুলতান (৪৮), মো. সুরুজ মিয়া (৪২) ও মো. শহিদুল ইসলাম (৩০)। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এবং উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে