ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সেনা মোতায়েনের আওতায় থাকা এলাকাগুলো হলো- ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয় থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।