লৌহজংয়ে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:৩৮ পিএম
লৌহজংয়ে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে প্রশাসনের অনুমতি না নিয়েই গ্রামীণ সড়কের পাশ থেকে সরকারি ৩টি গাছ কেটে বিক্রি অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।  গতকাল রবিবার ২১ জুন সকালে হাড়িদিয়া আশ্রায়ণ প্রকল্প সড়কের পাশ থেকে গাছগুলো কেটে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িদিয়া গ্রামের মৃত গণি বেপারীর ছেলে সেন্টু বেপারীর বিরুদ্ধে সড়কের পাশে সরকারি খাস জমিতে থাকা একটি বড় কড়ই ও ২টি চাম্বল গাছ কেটে ফেলার অভিযোগ উঠে।

এলাকাবাসীর দাবি, কেটে নেওয়া গাছ তিনটির বাজারমূল্য ৫০ হাজার টাকারও বেশি। সরকারি গাছ নিয়মমাফিক টেন্ডার (দরপত্র) ছাড়া এভাবে দিবালোকে কেটে বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা জানান, বিশাল তাপমাত্রা কম লাগত। গাছগুল্যে কাটার পর প্রচন্ড গরমে এখন ঘরে থাকতে কষ্ট হচ্ছে। এদিকে গাছের ক্রেতা স্থানীয় কাঠ ব্যবসায়ী দুলাল মাঝি জানান, তিনি সেন্টু বেপারীর কাছ থেকে মাত্র ১৭ হাজার ৫০০ টাকায় গাছ ৩টি কিনেছেন। তিনি বলেন, গাছগুলো যে সরকারি রাস্তার, তা আমার জানা ছিল না। সেন্টু বেপারী নিজের দাবি করায় আমি টাকা দিয়ে কিনে কেটে নিচ্ছিলাম। অভিযুক্ত সেন্টু বেপারী গাছ কাটার কথা স্বীকার করে তিনি দাবি করেন, গাছগুলো কাটার জন্য আমি সাবেক ইউএনওর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলাম। অনুমতি পেয়েই আমি গাছগুলো বিক্রি করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, এসিল্যান্ডকে পাঠিয়ে গাছগুলো  জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে