দৌলতপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। ৩৫০ মহিলা আসন-৫০ এর মাননীয় সংসদ সদস্য মোছাঃ নুসরাত তাবাসুম জ্যোতি-র অনুকূলে
বরাদ্দকৃত অর্থ এলাকার ১৩৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসুম জ্যোতির পিতা ও কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম (টম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃসাইফুল ইসলাম(শাহীন),
সঞ্চালনা করেন জাতীয় ছাত্র-শক্তি দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ গাউসুল আজম রাব্বি।
চেক বিতরণকালে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দূরদর্শী নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। চেক হাতে পেয়ে এলাকার অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায় এবং তারা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।