আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল ৬-৫৯ মাস বয়সী শিশুকে বয়স অনুযায়ী ভিটামিন 'এ' ক্যাপসুল প্রদান করা হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: টিটু চন্দ্র শীল। হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কক্সবাজার সিভিল সার্জনের আয়োজনে জেলা ইপিআই হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, ভিটামিন 'এ' শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষায় সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখে। ভিটামিন 'এ' এর ঘাটতির ফলে রাতকানা, চোখের মারাত্মক ক্ষতি, অপুষ্টিজনিত জটিলতা এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১ লক্ষ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে।