কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় কেয়ারী ঘাট সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুইজন রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুইজন বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটির নম্বর কক্সবাজার জ-১১-০২৩২। এটি পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী মিনিবাস।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় বাসিন্দা মো. আয়ুব জানান, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন।দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করছে।