হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে নতুন আক্রান্ত ১১৩৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:২৮ পিএম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে নতুন আক্রান্ত ১১৩৫
ফাইল ছবি

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাব শুরুর পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা, মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার (২৩ জুন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী) সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৩ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময় পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে ৬৮৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ১২৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৪ হাজার ৭৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মৃতের সংখ্যা ২৫১। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৫, ময়মনসিংহে ৫৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, খুলনায় ২৭ এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যও দেখাচ্ছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে