গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা পানিতে পড়ে সাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের। নিহত শিশু সাইফা ওই এলাকার বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির কন্যাসন্তান।
স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইফা। কয়েক দিনের টানা বৃষ্টিতে আশপাশের বিভিন্ন নিচু স্থানে পানি জমে ছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জমে থাকা পানির মধ্য থেকে সাইফাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির শরীরের প্রাণের কোনো স্পন্দন ছিল না। তাকে মৃত অবস্থায় দেখে স্বজনদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটির শরীরে কোনো ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের বলেন, 'সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জমে থাকা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।'