কালীগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ২৪ জুন, ২০২৬, ০৫:২৬ পিএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৪:৩৩ পিএম
কালীগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে একই আইনে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন,  মোস্তাক আহম্মেদ লাভলু, মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ কাবিরুল ইসলাম নান্নু,  পৌর শ্রমিক দলের সাবেক সহসাধারন সম্পাদক নওশের আলী, শ্রমিকলীগের  সদস্য মোঃ আশরাফুল শেখ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম,  মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক অর্ত বিষয়ক সম্পাদক মোঃ সবুজ হোসেন ও ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান। 

এর আগে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর আড়পাড়ার বাড়িতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হওয়ার খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের বাধার মুখে বিজু পালিয়ে যান। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কার্যক্রম চালাচ্ছেন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে উপস্থিত নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডায় জড়ায় এবং পুলিশের কাজে বাধা দেয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে