মাদকের বিরুদ্ধে চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুরের সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারির নাম মো: শামীম মোল্লা (২৬)। সে গোপালগঞ্জ জেলার কাশীয়ানী থানা ফুকরা গ্রামের কদম আলী মোল্লা'র ছেলে। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।