র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলো টাইগারদের

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৭:৩০ পিএম
র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলো টাইগারদের

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন নাসুম আহমেদ। এছাড়া তাওহিদ হৃদয়, সাইফ হাসানরাও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন অনেকেই। নিজেদের পারফরম্যান্সের পুরস্কারটা পেয়েছেন আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে। অজি সিরিজে বাঁহাতি স্পিনের ভেলকি দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়ে ১১তম স্থানে রয়েছেন তিনি। এই ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে এখন নাসুমই সেরা। দীর্ঘ দিন সেরার জায়গাটা ধরে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে ১৫তম স্থানে আছেন মুস্তাফিজ। বাকিদের মধ্যে ৭ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে আছেন শেখ মেহেদী হাসান। ৯ ধাপ পিছিয়ে রিশাদ হোসেন রয়েছেন ৩৩ নম্বরে। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এগিয়েছেন ৩ ধাপ, আছেন ৭ম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান, দুইয়ে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ৭০৬ রেটিংয়ে ৪ ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ২ ধাপ পিছিয়ে ২৯তম স্থানে রয়েছেন। ৯ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়, আছেন ৩০ নম্বরে। এছাড়া ১৩ ধাপ উন্নতি করে শ্রীলঙ্কার কুশল পেরেরার সাথে যৌথভাবে ৩৫ নম্বরে রয়েছেন বাংলাদেশের সাইফ হাসান। অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ দিয়েছেন সবচেয়ে বড় লাফ। ৭০ ধাপ এগিয়ে পাকিস্তানের ফখর জামানের সাথে যৌথভাবে রয়েছেন ৭৩ নম্বরে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশের শেখ মেহেদী হাসান রয়েছেন ৩৯ নম্বরে। সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে আছেন ৭৩ নম্বরে।