চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসান বলেছেন, ধর্মীয় অবমাননাময় ফেসবুক গুজব সম্পর্কে সজাগ থাকতে হবে সবাইকে। বর্তমানে এটা একটা ট্রেন্ডিং চলছে একে অপরকে ফাঁসাতে। কথায় কথায় ধর্ম অবমাননা ও এটাকে নিয়ে মব। যদিও দেশের হিন্দুরা এটাতে বেশি ক্ষতিগ্রস্ত। তাই ফেক আইডি বা গুজব বিষয়ক কিছু নজরে এলেই পুলিশকে অবহিত করতে হবে। ২৪ জুন বুধবার পুলিশ সুপারের হল রুমে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাথে সাম্প্রতিক নানা ইস্যু ও নিরাপত্তা সম্পর্কিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার রবিউল আরও বলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে যতটুকু নিরাপত্তা আপনাদের পাওয়া দরকার সেসব বিষয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। আপনারা সনাতনসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোন বিষয় আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। আমরা পুলিশি কার্যক্রম সুন্দরভাবে করতে আপনারা তথ্য সহায়তা করবেন এমনটাই প্রত্যাশা করছি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়,সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,সহসভাপতি গোপাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার,সদস্য সচিব অজিত সাহা, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার,কচুয়া উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দারসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।