অভয়নগরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৫:১৮ পিএম
অভয়নগরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ‘অভয়নগর নাগরিক পরিষদ’। সংগঠনটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দলবদ্ধ কুকুরের আক্রমণে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বৃদ্ধরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া কুকুরের মলমূত্রের কারণে পরিবেশ দূষণও বাড়ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর কাছে পৃথক দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অভয়নগর নাগরিক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ জালাল হোসেন, উপদেষ্টা এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাংবাদিক সুনীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী, আলমগীর হোসেন, নাসিম আল রিয়াজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক, বাজার ও জনবহুল স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দলবদ্ধ কুকুরের আক্রমণের কারণে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের মোট ১ হাজার ৭৯৫ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে প্রতি মাসে গড়ে ৮২ থেকে ১০০ জন আক্রান্তকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই নির্দেশ করে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বেওয়ারিশ কুকুরের টিকাদান ও নির্বীজকরণ কার্যক্রম জোরদার করা, কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন, উন্মুক্ত খাদ্যবর্জ্য দ্রুত অপসারণ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

আপনার জেলার সংবাদ পড়তে