চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী রোববার ভারত-অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। একইদিন একই সময়ে শুরু হওয়ার কথা আয়ারল্যান্ড ও ভারত পুরুষ দলের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তবে নারী দলের ম্যাচের কথা মাথায় রেখে পুরুষদের ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়। যদিও দুই ম্যাচের কোনোটিই ভারতের মাটিতে হচ্ছে না। বিশ্বকাপে নারীদের ম্যাচটি লর্ডসে। আর পুরুষ দলের ম্যাচটি বেলফাস্টে। আজ শুক্রবারের আয়ারল্যান্ড-ভারত ম্যাচও ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। তাই বিশ্বের যেখানেই ভারতের খেলা হোক না কেন, সময়সূচি সবসময় ভারতবাসীর সুবিধার কথা মাথায় রেখে সাজানো হয়। তবে তাই বলে পুরুষ দলের ম্যাচ নারী দলের ম্যাচের কারণে এগিয়ে আসবে বা পরিবর্তিত হবে, তা অনেকের কাছেই ছিল অভাবনীয়!