মণিরামপুরে ঘন ঘন লোড শেডিং-এ নাকাল গ্রাহকরা। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে দুই থেকে তিন ঘন্টা লোড শেডিং-এর অভিযোগ উঠেছে। এমনিতেই তীব্র ভ্যাপসা গরমে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। তার উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে লোড শেডিং। সারাদিনের পরিশ্রমের পর বিশ্রামের সময় (দুপুর ও রাতে) লোড শেডিং হচ্ছে। অবশ্য সংশ্লিষ্টরা দাবী করছেন তীব্র গরমে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ায় এ লোড শেডিং হচ্ছে।
জানাযায়, ১৯৭৯ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২)-এর কার্যক্রম ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারি হতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে একটি সদর দপ্তর, ৫ জোনাল অফিস, ৩টি সাব জোনাল অফিস ও ২৯ অভিযোগ কেন্দ্র নিয়ে গঠিত এই সমিতির আওতায় সংযোগকৃত গ্রাহক সংখ্যা ৬ লাখ ২০ হাজার ৭০৭। যপবিস-২-এর জেনারেল ম্যানেজার মোঃ হাদী উজ্জামান জানান, এই সমিতির আওতায় বিদ্যুতের চাহিদা দেড়শ’ মেঘাওয়াট কিন্তু সরবরাহ করা হচ্ছে ১১৫ হতে ১২০ মেঘাওয়াট। যে কারনে লোড শেডিং হচ্ছে।