প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:২০ এএম
প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দেয়ায় তাকে (প্রেমিকা) ভিডিও কলে রেখে ফ্যানের সাথে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামের এক প্রেমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুন) রাত তিনটার দিকে বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের একটি বাড়িতে। নিহত প্রেমিক এবায়দুল ইসলাম রাইয়ান ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের চাচা মো. বাবুল জানিয়েছেন, রাইয়ানের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে রাইয়ানের সাথে ওই মেয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, রাইয়ানের মা অসুস্থ। তিনি রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পরেন। পরবর্তীতে রাতে প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সাথে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাইয়ান।

তিনি আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস দেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও তার (রাইয়ান) মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি। পরবর্তীতে রাইয়ানের মা সজাগ হয়ে দরজা খোলার পর তার বন্ধুরা রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকেরা রাইয়ানকে মৃতবলে ঘোষণা করেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে