অবৈধ ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ বন্ধে বেলার আইনি নোটিশ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৪:২০ পিএম
অবৈধ ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ বন্ধে বেলার আইনি নোটিশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী টায়ার ও প্লাস্টিক পাইরোলাইসিস কারখানা ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ ৭ দিনের মধ্যে বন্ধের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

গত ২৫ জুন বেলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. হাসানুল বান্না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বরিশালের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট ১০ জন কর্মকর্তার কাছে ‘নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস’ পাঠান। নোটিশে বলা হয়, কারখানাটি পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩-এর শর্ত লঙ্ঘন করে ঘনবসতিপূর্ণ এলাকায় এবং সুগন্ধা নদীর তীরে পরিচালিত হচ্ছে। সেখানে অনুমোদনের অতিরিক্ত রিয়্যাক্টর ব্যবহার, বিষাক্ত ব্ল্যাক কার্বন নিঃসরণ, রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগও উল্লেখ করা হয়েছে। এর আগে কারখানার কালো ধোঁয়া ও দূষণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। অভিযোগ, দূষণের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নোটিশে ৭ দিনের মধ্যে কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে এটি বর্তমান স্থান থেকে অপসারণ এবং পরিবেশের ক্ষতির জন্য মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে বেলার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে