আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ২৬ জুন বাদ জুমা শহরের বাজারঘাটাস্থ প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব বিভাগ সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। শহর যুব বিভাগ সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অতিথিবৃন্দ বলেছেন, মাদক বাংলাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। শহর থেকে গ্রামে মাদকের সয়লাব পরিলক্ষিত হচ্ছে। স্কুল পড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত মাদকের ভয়াল নেশায় আক্রান্ত। দেশে ৮২ লাখ মাদকাসক্ত রয়েছে। তার মধ্যে ৬০ ভাগ ১৮ বছরের আগেই মাদকাসক্ত হয়ে পড়ছে। এহেন পরিস্থিতির উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক অন্ধকার গলিতে হারিয়ে যাবে। তরুণ প্রজন্মের মেরুদন্ড ভেঙ্গে পড়বে। সামাজিক অস্থিরতা ও সহিংসতা দিন দিন বৃদ্ধি পাবে। জাতি হিসেবে আমাদের পরিচিতি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আমরা সরকারীভাবে শুধুমাত্র বক্তব্য, বিবৃতি ও আনুষ্ঠানিকতা আশা করি না, আমরা সকল রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ সকল পর্যায়ে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম কে ভয়াবহ মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। একটি সুস্থ, সুখী ও উন্নত- সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ গঠনে সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। মাদকাসক্তদের সুস্থ করে গড়ে তুলতে সরকারি উদ্যোগ আরো সম্প্রসারিত করার দাবি জানাচ্ছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক সরঞ্জাম, গোয়েন্দা নজরদারি, জনবল বৃদ্ধি ও সক্ষমতা অর্জনের মাধ্যমে প্রযুক্তির সহযোগিতা নিয়ে মাদক কারবারি, বহনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। শহর যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুব বিভাগ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।