দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও জিআর চাল বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। শুক্রবার (২৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি), মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর সহায়তা নিশ্চিত করা। আজ প্রায় ৯০০ জন কে চাল এবং ৬১ টি বান্ডিল টিন বিতরণ করা হবে। মানবিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, হাকিমপুর- ঘোড়াঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন। অনুষ্ঠান শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও জিআর চাল এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন উপকারভোগীদের হাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।